প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৭:১৯ পিএম আপডেট: ১৭.০৪.২০২৫ ৭:৩৫ PM

ভারতের এক স্থানীয় ক্রিকেট ম্যাচে দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আম্পায়ার প্রসাদ মালগাওঙ্কর। বুধবার মুম্বাইয়ের সুন্দর ক্রিকেট ক্লাবে অনূর্ধ্ব–১৯ ভামা কাপের ম্যাচে দায়িত্ব পালন করছিলেন ৬০ বছর বয়সী এই আম্পায়ার।
ঘটনাটি ঘটে কেআরপি একাদশ ও ক্রিসেন্ট সিসির মধ্যকার ম্যাচে। একাদশ ওভারে স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়েন মালগাওঙ্কর। সঙ্গে সঙ্গে তাঁকে নিকটবর্তী বোম্বে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
সহকারী আম্পায়ার পার্থমেশ আঙ্গানে স্থানীয় সংবাদমাধ্যম ‘মিড ডে’-কে জানান, ম্যাচ শুরুর আগে থেকেই মালগাওঙ্কর শরীর ভালো না লাগার কথা বলছিলেন। তাঁর অ্যাসিডিটির সমস্যা হচ্ছিল। আঙ্গানে তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিলেও তিনি ম্যাচ পরিচালনায় রাজি ছিলেন। প্রথম ১০ ওভার তিনি স্বাভাবিকভাবেই দায়িত্ব পালন করেন। তবে ১০.২ ওভারের সময় হঠাৎ পড়ে গিয়ে শ্বাসকষ্টে ভুগতে থাকেন।
ঘটনার সময় মাঠে উপস্থিত ছিলেন এমসিএর সমন্বয়ক দত্ত মিথবাভকর। তিনি বলেন, ‘তাঁকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নেওয়ার চেষ্টা করি। ইব্রাহিম স্যার ও খেলোয়াড়দের সহায়তায় প্রথমে তাঁকে পাশের ন্যাশনাল সিসি মাঠে নিয়ে যাই, সেখান থেকে একটি ট্যাক্সিতে করে বোম্বে হাসপাতালে পাঠানো হয়। আমার ধারণা, তিনি পথেই মারা গেছেন।’
বোম্বে হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসক জানান, হাসপাতালে আনার সময় মালগাওঙ্করের রক্তচাপ, অক্সিজেন স্যাচুরেশন ও নাড়ির কোনো চিহ্ন পাওয়া যায়নি। ইসিজি করেও হৃৎস্পন্দন শনাক্ত করা যায়নি। এরপর তাঁকে মৃত ঘোষণা করা হয়।
পরিবারের অনুরোধে ও পারিবারিক চিকিৎসকের দেওয়া মৃত্যুসনদের ভিত্তিতে মরদেহের ময়নাতদন্ত হয়নি।
স্বদেশ প্রতিদিন/এএএম