প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ১:৫৫ পিএম

চোট যেন নেইমারের পিছু ছাড়ছে না। একে একে, ফুটবল ক্যারিয়ারে তার চোটের ইতিহাস দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এবার, অ্যাটলেটিকো মিনেইরোর বিরুদ্ধে সান্তোসের হয়ে মাত্র ৩০ মিনিট খেলেই হ্যামস্ট্রিং চোটে মাঠ ছাড়তে বাধ্য হন এই ব্রাজিলিয়ান তারকা। মাঠ ছাড়ার সময় চোখের অশ্রু আটকে রাখতে পারলেন না তিনি।
বুধবার রাতে ব্রাজিলিয়ান সিরিআ লিগের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে সান্তোসের হয়ে মাঠে নামেন নেইমার। প্রতিপক্ষ ছিল আতলেতিকো মিনেইরো। প্রথমার্ধের মাত্র ৩৪ মিনিটের মাথায় বাঁ পায়ের উরুতে তীব্র চোট পান তিনি। এতটাই তীব্র ছিল চোটটি যে, মাঠে আর দাঁড়িয়ে থাকতে পারেননি এবং সান্তোসের স্কোর যখন ২-০, তখন মাঠ ছাড়তে হয়।
বিশেষভাবে ১০০তম ম্যাচ উদযাপন করতে ১০০ নম্বর জার্সি পরে মাঠে নামেন নেইমার, কিন্তু ম্যাচ শুরুর আগেই দেখা যায়, দুই পা-ই ব্যান্ডেজে মোড়ানো। কিছুক্ষণ পরেই বাঁ উরুতে অসহ্য যন্ত্রণা অনুভব করেন তিনি। ক্যাম্পেওনাতো পাওলিস্তা ম্যাচে এই জায়গাতেই চোট পেয়েছিলেন, যা তাকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে বাধ্য করেছিল। যদিও ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড গত রবিবার ফ্লুমিনেন্সের বিপক্ষে বদলি হিসেবে ফিরেছিলেন, কিন্তু আবারও চোটের মুখোমুখি হন।
ম্যাচের দ্বিতীয় গোলের পর, সান্তোসের জয় নিশ্চিত হওয়ার আগেই, নেইমার সাইডলাইনে গিয়ে বদলি নেওয়ার জন্য ইশারা করেন। মাঠে বসে পড়েন এবং তারপর সহায়তায় মাঠ ছাড়েন।
পিচ থেকে উঠে যাওয়ার সময়, একদিকে ম্যাচের জয়, অন্যদিকে নিজের চোটের যন্ত্রণায় আবেগপ্রবণ হয়ে পড়েন নেইমার। তাকে সান্তোস এবং আতলেতিকো মিনেইরোর খেলোয়াড়রা সমবেদনা জানান। এর মধ্যে ছিলেন তার সাবেক সতীর্থ, ব্রাজিল জাতীয় দলের ফুটবলার হাল্কও। বেঞ্চে ফিরে, ইনজুরির স্থানে বরফ প্যাক লাগিয়ে চিকিৎসা শুরু করেন দলের চিকিৎসকরা।
স্বদেশ প্রতিদিন/এনআর