প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৮:২৬ পিএম আপডেট: ১৪.০৪.২০২৫ ৮:৩৬ PM

বাংলা নববর্ষ ১৪৩২-কে ঘিরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেশনালস (বিইউপি) প্রাঙ্গণ রঙিন উৎসবের আনন্দে মুখরিত হয়ে ওঠে। পহেলা বৈশাখ উপলক্ষে বিইউপি কালচারাল ফোরাম-এর আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত হয় ‘বৈশাখী বৈভব ১৪৩২’ নামক বর্ণাঢ্য আয়োজন।
‘উৎসবে উল্লাসে, রাঙা হোক ধরা’ এই শ্লোগানকে কেন্দ্র করে অনুষ্ঠিত এই উৎসবে ফুটে ওঠে বাঙালির চিরায়ত সংস্কৃতি, ঐতিহ্য ও সৃজনশীলতার অপূর্ব সমন্বয়।
সকালের শুরু থেকেই ক্যাম্পাসের প্রতিটি কোণে লেগে ছিল উৎসবের আমেজ। রাস্তাজুড়ে আঁকা হয় মনোমুগ্ধকর গ্রাফিতি, সেজে ওঠে আপার প্লাজা নানা লোকজ অলঙ্করণে। শিক্ষার্থীরা গান, নৃত্য ও ফ্ল্যাশমবের মাধ্যমে তুলে ধরে বৈশাখের প্রাণ। থার্ড প্লেসে অনুষ্ঠিত হয় ছাত্রী-ছাত্রদের সঙ্গীতানুষ্ঠান, যা সবাইকে মুগ্ধ করে।

এছাড়াও ছিল ঘোড়ার গাড়ি, নাগরদোলা, চড়কি, বানরের খেলা, সাপ খেলার মতো ঐতিহ্যবাহী লোকজ উপস্থাপনা, যা বাঙালির মাটির গন্ধকে মনে করিয়ে দেয়। দেশীয় খাবারের নানা পদের আয়োজন ছিল উৎসবের আরেকটি আকর্ষণীয় দিক, যা দর্শনার্থীদের মাঝে বাঙালিয়ানার স্বাদ এনে দেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম। এছাড়াও ছিলেন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য গুণীজনেরা, যারা এই আয়োজনে যোগ দিয়ে উৎসবকে আরও গৌরবময় করে তোলেন।
পুরোনোকে বিদায় দিয়ে নতুনকে বরণ করার এই আয়োজনে বিইউপি যেন হয়ে ওঠে এক টুকরো বাংলার প্রতিচ্ছবি। এটি শুধুমাত্র একটি উৎসব ছিল না, বরং বাঙালি সংস্কৃতি ও পরিচয়কে হৃদয়ের গভীরে ধারণ করার এক আন্তরিক প্রয়াস। এমন আয়োজন ভবিষ্যতেও ধারাবাহিকভাবে হোক, এই কামনায় শেষ হয় দিনব্যাপী বৈশাখী বৈভবের এই অনন্য উৎসব।
স্বদেশ প্রতিদিন/এএএম