প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৪:২০ পিএম আপডেট: ১৩.০৪.২০২৫ ৪:৩২ PM

শিল্পখাতে গ্যাসের দাম ৩৩ শতাংশ বাড়ানো হয়েছে। এই দাম বাড়ানোর আদেশ দেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ।
আজ রোববার (১৩ এপ্রিল) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জানান, শিল্প গ্রাহকদের প্রতি ঘনমিটার গ্যাসের বিল ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। ক্যাপটিভে গ্যাসের দাম ৩০.৫০ টাকা থেকে বেড়ে ৪২ টাকা করা হয়েছে।
নতুন শিল্পের পাশাপাশি এখন যারা অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহার করছেন, সেসব শিল্প প্রতিষ্ঠানকেও ৩০ টাকার পরিবর্তে ৪০ টাকা দরে বিল দিতে হবে। নতুন এই দর চলতি এপ্রিল মাসের বিল থেকেই কার্যকর হবে বলে জানান জালাল আহমেদ।
এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি প্রাকৃতিক গ্যাসের শিল্প ও ক্যাপটিভ শ্রেণিতে নতুন, প্রতিশ্রুত ও অনুমোদিত লোডের অতিরিক্ত ব্যবহারকারী গ্রাহকের মূল্যহার পুনর্নির্ধারণে পেট্রোবাংলা ও গ্যাস বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাবের ওপর গণশুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে এসব গ্রাহকের ক্ষেত্রে প্রতি ঘনমিটার গ্যাসের দাম বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব করে পেট্রোবাংলা ও গ্যাস বিতরণ কোম্পানিগুলো। যা বিদ্যমান দামের তুলনায় ১৫২ শতাংশ বেশি। শুনানিকে কেন্দ্র করে নজিরবিহীন তোপের মুখে পড়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি। তীব্র প্রতিবাদ ও স্লোগান আর নানা যুক্তিতর্ক দিয়ে দাম বাড়ানোর প্রক্রিয়ার বিরোধিতা করেন অংশীজনরা। শুনানিতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবকে ‘বেআইনি’ ও ‘গণবিরোধী’ আখ্যা দেয়া হয়।
রোববার (১৩ এপ্রিল) আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কমিশনের সদস্য মিজানুর রহমান, সদস্য সৈয়দা সুলতানা রাজিয়া, আব্দুর রাজ্জাক ও শাহীদ সারোয়ার।
স্বদেশ প্রতিদিন/এমএম