প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৫:১৭ পিএম আপডেট: ১২.০৪.২০২৫ ৫:৪১ PM

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জুন মাসের পরে যখন ইলিশ বাজারে আসবে, তখন যেন মাছের দামটা ঠিক থাকে। তা না হলে জনগণ আমাকে ক্ষমা করবে না।
শনিবার (১২ এপ্রিল) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অডিটরিয়ামে (বিএআরসি) ‘ইলিশ সম্পদ ব্যবস্থাপনায় প্রজনন সাফল্য নিরূপণ, জাটকা সংরক্ষণ ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অরুরাধা ভদ্রের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো. তোফাজ্জল হোসেন।
ইলিশের অর্থনৈতিক গুরুত্বের কথা উল্লেখ করে ফরিদা আখতার বলেন, মৌসুমে বাংলাদেশ থেকে এক বিলিয়ন ডলারের বেশি ইলিশ রপ্তানি সম্ভব। তবে রপ্তানির আগে দেশের মানুষকে ইলিশ খাওয়াতে হবে। জুনের পর ইলিশ বাজারে এলে দাম নিয়ন্ত্রণে রাখতে হবে, নইলে জনগণ আমাকে ক্ষমা করবে না।
তিনি আরো বলেন, আমরা যথেষ্ট সচেতনতা সৃষ্টি করতে পারলে ইলিশের উৎপাদন বাড়বে। আর যদি ৯৫ ভাগ জেলে ইলিশ ধরার নিষিদ্ধ সময়ে মাছ না ধরেন, তাহলে আমরা কেন বাকি কাজটা সম্পূর্ণ করতে পারবো না। সরকারের সহায়তা যেন জেলেরাই পায়, সেটা নিশ্চিত করতে হবে। এটা এলাকাভিত্তিক করতে হবে।
ইলিশ শুধু জালের কারণে নষ্ট হচ্ছে মন্তব্যে উপদেষ্টা বলেন, এটা নিয়ে অভিযান চলছে, অনেক কারখানা বন্ধ করা হয়েছে। মুন্সীগঞ্জে জালের কারখানা রয়েছে সেখানে বৈধ ও অবৈধ জাল তৈরি হয়। এজন্য অবৈধ জাল তৈরি বন্ধ করতে হবে, কারখানা নয়। এক্ষেত্রে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক আন্তরিক আছেন।
স্বদেশ প্রতিদিন/আইজেপি