প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ৪:৩৭ পিএম

শেষ পর্যন্ত গুঞ্জনটাই সত্যি হলো। মোহাম্মদ সালাহ লিভারপুল ছাড়ছেন না। শুক্রবার (১১ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে ক্লাবটি-২০২৭ সাল পর্যন্ত মিসরীয় এই তারকা ফরোয়ার্ড থাকছেন অ্যানফিল্ডে।
চলতি মৌসুমের শুরু থেকেই সালাহর ভবিষ্যৎ নিয়ে ছিল ধোঁয়াশা। কখনো শোনা গেছে সৌদি ক্লাবগুলোর আগ্রহ, কখনো আবার সালাহ নিজেও মুখে কুলুপ আঁটে ছিলেন। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে লিভারপুল এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে আরও দুই বছরের জন্য দলে রেখেছে লিভারপুল।
নতুন চুক্তি নিয়ে উচ্ছ্বসিত সালাহ বলেন, ‘আমি খুবই আনন্দিত। আমাদের এখন দারুণ একটা দল আছে। আগেও দল ভালো ছিল, কিন্তু এখন ট্রফি জয়ের বাস্তব সম্ভাবনা দেখছি। সেই কারণেই নতুন চুক্তি করেছি। আমি আমার খেলাটাও উপভোগ করতে চাই।’
মৌসুমে এখন পর্যন্ত দুর্দান্ত ফর্মে রয়েছেন সালাহ। সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি করেছেন ৩২ গোল, যার ২৭ টিই প্রিমিয়ার লিগে। অপরদিকে তার দলও আছে শিরোপার দৌড়ে বেশ ভালো জায়গায়। বাকি সাত ম্যাচে আর্সেনাল থেকে এগিয়ে আছে ১১ পয়েন্টে।
তবে সালাহর চুক্তি নবায়নের সঙ্গে সঙ্গে লিভারপুলের আরও দুটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়-অধিনায়ক ভার্জিল ফন ডাইক ও ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ডকে নিয়ে এখনো আনুষ্ঠানিক কিছু জানায়নি ক্লাবটি।
যদিও ফন ডাইক সম্প্রতি জানিয়েছেন, নতুন চুক্তির আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। বিপরীতে, আরনল্ডকে নিয়ে গুঞ্জন-ফ্রি এজেন্ট হিসেবে তিনি রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন।
লিভারপুল তাই একদিকে সালাহকে ধরে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেও, অন্যদিকে অপেক্ষা করছে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের।
স্বদেশ প্রতিদিন/এমএম