প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৭:৩০ পিএম

একশো বছরেরও বেশি সময় পর আবারও অলিম্পিকের ইতিহাসে জায়গা করে নিচ্ছে ক্রিকেট। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) নিশ্চিত করেছে, ২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিতব্য গ্রীষ্মকালীন অলিম্পিকে ক্রিকেট ফের অন্তর্ভুক্ত হচ্ছে—এবার ছয়টি পুরুষ ও ছয়টি নারী দল অংশ নেবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
আইওসির নির্বাহী বোর্ড ৯ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত অনুমোদন করে। প্রতিটি বিভাগে ৯০ জন করে অ্যাথলেট অংশগ্রহণের সুযোগ পাবে, অর্থাৎ প্রতিটি দল সর্বোচ্চ ১৫ জন খেলোয়াড় নিয়ে অংশ নিতে পারবে।
ভেন্যু এখনো চূড়ান্ত না হলেও নিউ ইয়র্ককে সম্ভাব্য আয়োজক হিসেবে বিবেচনা করা হচ্ছে। অংশগ্রহণকারী ছয়টি দেশের নাম এখনো ঘোষণা করা হয়নি, এবং গ্রেট ব্রিটেন বা ওয়েস্ট ইন্ডিজের মতো যৌথ দলগুলোর প্রতিনিধিত্ব নিয়েও আলোচনা চলছে।
অলিম্পিকে ক্রিকেটের একমাত্র উপস্থিতি ছিল ১৯০০ সালে, যেখানে গ্রেট ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে একটি দ্বিপাক্ষিক ম্যাচ অনুষ্ঠিত হয় এবং ব্রিটেন সোনা জয় করে। এরপর দীর্ঘদিন বাদে হাংজু এশিয়ান গেমস ও বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ক্রিকেট ফেরার ইঙ্গিত দিলেও, এবারই প্রথম অলিম্পিকের মূল আসরে ক্রিকেট ফিরে আসছে পূর্ণাঙ্গভাবে।
বিশ্লেষকদের মতে, এই অন্তর্ভুক্তি ক্রিকেটের বিশ্বব্যাপী জনপ্রিয়তা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে এবং অলিম্পিক দর্শকদের কাছেও নতুন মাত্রা যোগ করবে।
স্বদেশ প্রতিদিন/এমএম