প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ২:৫২ পিএম আপডেট: ০৯.০৪.২০২৫ ৩:০২ PM

বিকেএসপিতে
মাঝে মাঝে শারীরিক অসুস্থতার ঘটনা উদ্বেগ তৈরি করছে। কিছুদিন আগে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল হার্ট অ্যাটাকের শিকার হন। এবার অসুস্থ হয়ে পড়েছেন একই ভেন্যুতে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা অভিজ্ঞ আম্পায়ার গাজী সোহেল।
আজ অগ্রণী ব্যাংক ও মোহামেডানের মধ্যকার ম্যাচে সকালে মাঠে নামার কথা থাকলেও, শারীরিক অসুস্থতার কারণে মাঠে নামেননি গাজী সোহেল।
ম্যাচ রেফারি দেবব্রত পাল জানান, ‘মাঠে আসার পরে তিনি অসুস্থতা অনুভব করেন। পরে আর মাঠে নামেননি। তাঁর পরিবর্তে রিজার্ভ আম্পায়ার দায়িত্ব নিয়েছেন।’
আম্পায়ার্স কমিটি সূত্রে জানা গেছে, অসুস্থ বোধ করায় তাঁকে দ্রুত বিকেএসপির হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর রক্তচাপ ও হৃদস্পন্দন পরীক্ষা করা হয়। যদিও রক্তচাপ স্বাভাবিক ছিল, তবে হৃদস্পন্দন বেড়ে যাওয়ায় তিনি কিছুটা দুর্বলতা অনুভব করেন।
গাজী সোহেল আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞ আম্পায়ার। ইতোমধ্যে ৮টি ওয়ানডে ও ৩১টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি।
বিকেএসপির মাঠে দুইজন গুরুত্বপূর্ণ ক্রিকেট ব্যক্তিত্বের শরীর খারাপ হওয়ায় ভেন্যুটির পরিবেশ ও খেলোয়াড়-কর্মকর্তাদের শারীরিক সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে গরমের তীব্রতা এবং পর্যাপ্ত বিশ্রামের সুযোগ না থাকাও এসব ঘটনার কারণ হতে পারে বলে মনে করছেন অনেকে।
স্বদেশ প্রতিদিন/এমএম