প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ১২:১২ পিএম আপডেট: ০৯.০৪.২০২৫ ১২:১৮ PM

চ্যাম্পিয়নস লিগের মঞ্চে এমন নাটকীয়তা খুব কমই দেখা যায়। এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে সেই বিরল দৃশ্যের জন্ম দিল আর্সেনাল। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মাত্র ১৭ মিনিটের দুর্বার ঝড়ে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে উড়িয়ে দিল ইংলিশ জায়ান্টরা। ম্যাচে জোড়া ফ্রি কিক গোল করে ইতিহাস গড়লেন মিডফিল্ডার ডেকলান রাইস।
শুরুটা অবশ্য ছিল সতর্ক। কিলিয়ান এমবাপ্পে প্রথমে গোলমুখে শট নিলেও ম্যাচের রং বদলায় দ্বিতীয়ার্ধে। বিরতির আগেও কিছু সুযোগ তৈরি করেছিল আর্সেনাল, তবে রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া ছিলেন পাহারায়। কিন্তু ৫৮ মিনিটে বাঁকানো ফ্রি কিকে প্রথম গোল করেন রাইস। সেই গোলেই যেন খুলে যায় বাঁধ।
এর ১২ মিনিট পর আরও একবার ফ্রি কিক পায় আর্সেনাল, এবারও শট নেন রাইস। বল যায় ওপরের পোস্ট ঘেঁষে জালে, আর মার্টিন ওডেগার্ডের অভিব্যক্তিতেই বোঝা যায়, কতটা অভাবনীয় ছিল গোলটি।
চ্যাম্পিয়নস লিগ নকআউটে সরাসরি ফ্রি কিকে জোড়া গোল করে ইতিহাসে নাম লেখান রাইস—এমন কীর্তি নেই রিভালদো, রোনালদো, নেইমার কিংবা জিয়েশেরও।
মাঠে তখন পুরোপুরি দিশেহারা রিয়াল। ৭৫ মিনিটে স্কেলির পাস থেকে তৃতীয় গোল করেন মিকেল মেরিনো। শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন কামাভিঙ্গা, যা রিয়ালের হতাশা আরও বাড়িয়ে দেয়।
১৬ এপ্রিল সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগ, তবে তার আগে প্রশ্ন একটাই—এই ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াতে পারবে তো রিয়াল মাদ্রিদ?