
পিএসসির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম জানিয়েছেন, ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে আগামী ৩০ জুনের মধ্যে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান বলেন, 'আমরা ৪৪তম বিসিএস দ্রুত শেষ করার জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে কাজ করছেম। ভাইভা আগামী ১৭ জুনের মধ্যে শেষ করা হবে। এরপর দ্রুত ফলাফল প্রস্তুতের কাজ শুরু হবে এবং ৩০ জুনের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, পিএসসি এখন একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং স্বচ্ছ প্রতিষ্ঠান। আমরা সময়ের গুরুত্ব বুঝে কাজ করছি। প্রার্থীদের অপেক্ষা যেন দীর্ঘ না হয়, সেদিকে সর্বোচ্চ নজর দিচ্ছি।
উল্লেখ্য, ৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে মোট ১,৭১০ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। প্রশাসন ক্যাডার ২৫০, পুলিশ ক্যাডার ৫০, পররাষ্ট্র ক্যাডার ১০, আনসার ক্যাডার ১৪, নিরীক্ষা ও হিসাব ক্যাডার ৩০, কর ক্যাডার ১১, সমবায় ক্যাডার ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক ক্যাডার ৭, তথ্য ক্যাডার ১০, ডাক ক্যাডার ২৩, বাণিজ্য ক্যাডার ৬, পরিবার পরিকল্পনা ক্যাডার ২৭, খাদ্য ক্যাডার ৩, টেকনিক্যাল ক্যাডার ৪৮৫ ও শিক্ষা ক্যাডার ৭৭৬ জন।
৪৪তম বিসিএসে মোট আবেদন করেন ৩,৫০,৭১৬ জন। প্রিলিমিনারি পরীক্ষা হয় ২০২২ সালের ২৭ মে, লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ডিসেম্বর ২০২২-এ এবং ফল প্রকাশ হয় নভেম্বর ২০২৩-এ। বর্তমানে মৌখিক পরীক্ষা চলমান, যা জুনের মাঝামাঝি শেষ করার পরিকল্পনা রয়েছে।
পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম জানান, কমিশনের কাজের গতি ও স্বচ্ছতা বেড়েছে এবং প্রার্থীদের মানসিক চাপ কমাতে সময়মতো ফল প্রকাশে গুরুত্ব দেওয়া হচ্ছে। ভবিষ্যতে বিসিএস প্রক্রিয়া আরও দ্রুত ও দক্ষভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
স্বদেশ প্রতিদিন/আইজেপি