ওয়াকফ সংশোধনী আইনকে সমর্থন করার অভিযোগে সংখ্যালঘু মোর্চার মণিপুরের সভাপতির বাড়িতে আগুন
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ১০:৪৭ AM

ভারতের বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে রাজপথে উত্তাল বিক্ষোভ। মুসলিম সম্প্রদায়ের হাজারো মানুষ ধর্মীয় সম্পত্তির ওপর হস্তক্ষেপের অভিযোগ তুলে রাস্তায় নেমে হাজারো মানুষ। এর প্রতিবাদে তারা বিক্ষোভের অংশ হিসেবে কুশপুত্তলিকা পুড়িয়ে দিয়েছে।
মণিপুরে এই বিলের প্রতিবাদে এক বিজেপি নেতার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিজেপির সংখ্যালঘু মোর্চার মণিপুরের সভাপতি আসকার আলীর বাড়ি লক্ষ্য করে স্থানীয় জনতা আগুন ধরিয়ে দেয়। ওয়াকফ সংশোধনী আইনকে সমর্থন করার অভিযোগে তার বাড়িতে আগুন দেয়া হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রবিবার সন্ধ্যায় স্থানীয় জনতা আসকার আলীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এর আগে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়, এবং থৈবাল জেলার লিলং এলাকায় অনুষ্ঠিত এক সমাবেশে পাঁচ হাজারেরও বেশি মানুষ অংশ নেন।
সমাজসেবক সাকির আহমেদ সমাবেশে বলেন, ওয়াকফ সংশোধনী বিল ভারতীয় সংবিধানের নীতির পরিপন্থী এবং এটি মুসলিম সম্প্রদায়ের কাছে একেবারেই অগ্রহণযোগ্য। এদিকে ইম্ফল পূর্বের ক্ষত্রী আওয়াং লেইকাই, কাইরাং মুসলিম, কিয়ামগেই মুসলিম এলাকা এবং বিষ্ণুপুর জেলার সোরা থেকেও প্রতিবাদের খবর পাওয়া গেছে।
এই উত্তেজনার পর, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ওই অঞ্চলে আধা-সামরিক বাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম