প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ১১:১৯ পিএম

টাঙ্গাইলে স্ত্রীর পরকীয়া প্রেমিকের হুমকিতে দিশেহারা স্বামী। জীবনের নিরাপত্তা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তিনি।
শনিবার (৫ এপ্রিল) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বামী মো. শাহ আলম। তিনি ভূঞাপুর উপজেলার নিকলা নয়াপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৯ বছর পূর্বে ভূঞাপুর পৌরসভার ঘাটান্দি এলাকার স্বপন কাজীর মেয়ের সাথে তার বিয়ে হয়। বিয়ের সময় তার শ্বশুর-শ্বাশুড়ি তথ্য গোপন করে তার পালিত মেয়েকে বিয়ে দেয়। বিয়ের পর থেকেই দাম্পত্য জীবন সুখের না হলেও পরিবারের কথা চিন্তা করে এক সাথে চলতে থাকি। এর মধ্যেই আমাদের সংসারে একটি পুত্র ও কন্যা সন্তানের জন্ম নেয়। সন্তানদের কথা ভেবে স্ত্রীর নানা অত্যাচার সহ্য করে সংসার করি।
তিনি বলেন, আমি গোপালগঞ্জে একটি বেসরকারী সংস্থা (এনজিওতে) চাকুরি করার সুবাদে আমার স্ত্রী নানা জনের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে পড়ে। প্রতিবেশীরা আমাকে পরকীয়ার নানান তথ্য দেয়। তবুও সন্তানদের কথা ভেবে স্ত্রীকে ভালোভাবে সংসার করতে বলি। পাশাপাশি স্ত্রীকে আমাদের বাড়িতে থাকার জন্য বললে তিনি ক্ষিপ্ত হয়ে উঠে। সম্প্রতি আমার স্ত্রী ভূঞাপুর উপজেলা ছাত্রদলের আহব্বায়ক আলমগীর হোসেনের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পরেন।
ঈদের দিন আমার স্ত্রীকে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাইলে নানা অশান্তির চেষ্টা করেন। এতে আমার শ্বাশুড়িও সায় দেন। একপর্যায়ে উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেনের সাথে ভিডিও কলে কথা বলার সময় হাতেনাতে ধরে ফেলি এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করি। এর পর শুরু হয় আমার উপর নানা অত্যাচার ও অকথ্যভাষায় গালিগালাজ। এতে ক্ষ্যান্ত হননি, ঘটনাটি পরকীয়া প্রেমিককে বললে তার পরকীয়া প্রেমিকও নানাভাবে প্রাণ নাশের হুমকি দেয়। এছাড়াও কয়েকজন যুবককে দিয়ে আমাকে হুমকি দেয়। পরে আমি ভূঞাপুর থানায় একটি সাধারণ ডায়রি করি।
তিনি আরও বলেন, এছাড়াও আমার স্ত্রীর পরকীয়া প্রেমিক উপজেলা ছাত্রদলের আহবায়ক হওয়ায় দলীয় প্রভাবে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারনা চালিয়ে যাচ্ছে। আমি ওই নেতার প্রভাবে রাস্তাঘাটে সঠিকভাবে চলাফেরা করতে পারছি না। যেকোন সময় তার দ্বারা আমার জীবনের চরম ক্ষতির আশঙ্কা করছি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ বলেন, ভূঞাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগটি নিরপেক্ষ তদন্ত করে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/এনআর