প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৫:১৫ পিএম আপডেট: ০৫.০৪.২০২৫ ৬:৪৯ PM

টাঙ্গাইলের কালিহাতীতে পারখী ইউনিয়নের আউলিয়াবাদ মাঝি পাড়া থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ এপ্রিল) সকালে উপজেলার পারখী ইউনিয়নের আউলিয়াবাদ মাঝি পাড়া সাত্তারের সেচ পাম্পের কৃষি জমি তথা লালু মাঝির ধানের জমির মধ্যে থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি উপজেলার পারখী ইউনিয়নের আউলিয়াবাদ মাঝি পাড়া গ্রামের মৃত চান মিয়ার স্ত্রী ফয়জুল নেছা লেবু (৭০)।
নিহতের ৩ মেয়ে কতবানু, হাসিনা ও সম্পা জানান, তাদের মায়ের নফল রোজা রাখার কথা ছিলো। এজন্য সে (কতবানু) গত রাত ৩টার সময় তার মাকে ডাকতে যান। যাওয়ার পর সে দেখতে পায় তার মা ঘুমিয়ে ছিলো। আবার ফজরের নামাজের পরে তার মাকে ডাকতে গেলে তখন ঘরের দরজা জানালা বন্ধ দেখতে পান। এরপর সবাইকে জানালে সবাই এদিক সেদিকে খোঁজা শুরু করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, উপজেলার পারখী ইউনিয়নের আউলিয়াবাদ মাঝিপাড়ার বিধবা বৃদ্ধ মহিলা মৃত লেবুকে (৭০) শনিবার শেষ রাতের কোনো এক সময় হত্যা করে বোরোধান ক্ষেতের মাঝখানে ফেলে রেখে যাওয়া হয়। ঔদিন ভোরে সেচ পাম্পের মালিক ও ড্রাইভার সাত্তার মিয়া কৃষি জমি দেখতে গিয়ে তার মৃত দেহ দেখতে পান। পরে নিহতের পরিবার কে জানালে তারা পুলিশকে খবর দেয়।
এছাড়াও মৃতের বড় ভাই আব্দুল মালেক জানান, তার ছোট বোন সহজ সরল। তার কোনো শত্রু নেই।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভুঁইয়া জানান, পারখী ইউনিয়নের আউলিয়াবাদ মাঝি পাড়া থেকে এক বৃদ্ধ মহিলার লাশ দেখতে পেয়ে খবর দেয় এলাকাবাসী। পরে লাশটি উদ্ধার করে শনিবার (৫ এপ্রিল) ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। তিনি আরো জানান, এটা অবশ্যই মার্ডার করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/আইজেপি