প্রকাশ: সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ৮:৪৩ পিএম আপডেট: ৩১.০৩.২০২৫ ৮:৫৭ PM

নওগাঁর মান্দায় এক নারীকে সংঘবদ্ধ গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এসিল্যান্ডের গাড়ী চালকসহ ৪ যুবককে গ্রেপ্তার করেছে মান্দা থানা পুলিশ।
মামলার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর স্বামী একজন পিকআপ চালক। তারা একটি ভাড়া বাসায় বসবাস করতেন। ঈদ উপলক্ষে এ দম্পতির একমাত্র কন্যা সন্তানকে নানার বাড়িতে রেখে আসেন। রাতে পিকআপের ভাড়া মারার জন্য স্বামী বাইরে যাওয়ায় বাড়িতে একাই ছিলেন ওই নারী।
ভুক্তভোগী নারী বলেন, ‘গতকাল রোববার (৩০ মার্চ) রাত সাড়ে ৭ টার দিকে আমার স্বামী পিকআপের ভাড়া মারার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান। রাত ৯ টার দিকে আমি রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি। রাত সাড়ে ১০ টার দিকে আসামি স্বাধীন বাসায় এসে স্বামীর নাম ধরে ডাকা-ডাকি করে। স্বাধীন আমার স্বামীর পূর্ব পরিচিত হওয়ায় বিশ্বাসের সাথে আমি দরজা খুলে দেই। সঙ্গে সঙ্গে ৬-৭জন যুবক ভেতরে প্রবেশ করে মুখ চেপে ধরে। এর পর ঘরে নিয়ে একে অপরের সহায়তায় আমাকে পালাক্রমে গণধর্ষণ করে। আমার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে ৪ জনকে আটক করে, বাকিরা পালিয়ে যায়।’
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনুসর রহমান বলেন, ‘গণধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২-৩ জনের নামে মামলা করেছেন। এ মামলায় ৪ আসামিকে গ্রেপ্তার করে আজ সোমবার নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে। শারীরিক পরীক্ষার জন্য ওই নারীকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।’
এই ঘটনায় গ্রেপ্তারকৃত যুবকেরা হলেন, উপজেলার ছোটবেলালদহ গ্রামের সোলাইমান আলীর ছেলে রফিকুল ইসলাম সোহাগ (২৯), বড়পই গ্রামের সাইফুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম সুইট (২৯), বিজয়পুর প্রিন্সিপালের মোড় এলাকার মোজাহার আলীর ছেলে আসাদুজ্জামান মুন্না (২৯) ও বিজয়পুর মধ্যপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে নাসির উদ্দিন (২৯)। আসামিদের মধ্যে নাসির উদ্দিন মাষ্টার রোলে এসিল্যান্ডের গাড়ী চালক হিসেবে কাজ করতেন।
স্বদেশ প্রতিদিন/এমএম