প্রকাশ: রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ৫:৫২ পিএম আপডেট: ৩০.০৩.২০২৫ ৬:৫১ PM

ঈদুল ফিতরের ছুটিতে আপনজনদের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছেন উত্তরবঙ্গের কর্মজীবী মানুষ। মহাসড়কে ঈদযাত্রায় টানা তিন দিন গাড়ির চাপ দেখা গেছে। শনিবার দিবাগত রাত ১টার পর থেকে ভোর ৬টা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার যানজট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা এখন স্বাভাবিক। তবে মহাসড়কে জীবনের ঝুঁকি নিয়ে থ্রি হুইলার, পিক-আপ, ট্রাক ও মোটরসাইকেলে বাড়ি ফিরতে দেখা গেছে অনেককে।
ঢাকা থেকে ছেড়ে আসা গণপরিবহনের যাত্রী ফাতেমা রহমান মিলি জানান, গাজীপুর জেলা অর্থাৎ কালিয়াকৈর পর্যন্ত কিছুটা জট ছিলো। টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই থেকে রাবনা বাইপাস পর্যন্ত কোনো যানজট নেই।
সিএনজি অটোরিকশা চালক সবির মিয়া বলেন, 'রাতে মহাসড়কে হালকা যানজট দেখেছিলাম কিন্তু সকালে দেখি নাই। মহাসড়ক একবারে ফাঁকা, মহাসড়কে যানবাহনের কোন চাপ নেই।'
এলেঙ্গা হাইওয়েতে দায়িত্বরত সার্জেন্ট সৈকত হোসেন বলেন, রাতে কিছু জটলা ছিল কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা স্বাভাবিক হয়ে গেছে।
স্বদেশ প্রতিদিন/এনআর