প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৮:৪০ পিএম

সড়ক পথে শুরু হয়েছে ঈদযাত্রা। এতে ঢাকা-টাঙ্গাইল- যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে বহুগুণ । তবে স্বাভাবিক গতিতেই চলাচল করছে যানবাহন।
ঈদ যাত্রা নিরাপদ করতে মহাসড়কে নিযুক্ত আছেন টাঙ্গাইল জেলা পুলিশের ৭ শতাধিক সদস্য।এছাড়া মহাসড়ক চষে বেড়াচ্ছেন পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। নজরদারি রাখা হচ্ছে ২৪ ঘণ্টা।
জেলা পুলিশ জানায়, মহাসড়কে বিকল যান অপসারণের জন্য ৬ টি রেকার বিভিন্ন দুর্ঘটনা প্রবন এলাকায় নিযুক্ত আছে। এছাড়া চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে পুলিশের একাধিক মোবাইল টিম কাজ করছে।
এদিকে ঈদযাত্রায় যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে উত্তরবঙ্গগামী লেনের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, আগের তুলনায় মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে। তবে গণপরিবহনের সংখ্যা কম লক্ষ্য করা গেছে।
মহাসড়কের সংশ্লিষ্টরা জানান, ঈদযাত্রার প্রথম দিনে মঙ্গলবার মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। বিশেষ করে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সকাল থেকে যানবাহনের চাপ বেড়েছে। যানজট নিরসনে মহাসড়কে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।
টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, মহাসড়ককে চারটি সেক্টরে ভাগ করা হয়েছে। বিকেল থেকে মহাসড়কে সাত শতাধিক পুলিশ দায়িত্ব পালন করছে।
স্বদেশ প্রতিদিন/এনআর