ঘুমন্ত রোজাদার গার্মেন্টস কর্মীকে ধর্ষণচেষ্টা, অতঃপর...
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১১:৪১ AM আপডেট: ১৫.০৩.২০২৫ ১১:৫১ এএম

ঘরে ঢুকে ঘুমন্ত রোজাদার এক গার্মেন্টস কর্মীকে (১৭) ধর্ষণচেষ্টার অভিযোগে খায়রুল ইসলাম সরকার (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) সকালে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
খায়রুল ইসলাম ধুনট উপজেলার মাঠপাড়া গ্রামের কমর উদ্দিন সরকারের ছেলে। শুক্রবার মধ্যরাতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার হরিনাথপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার তথ্য অনুযায়ী, ভুক্তভোগী নারীর বাবা প্রায় ১১ বছর আগে মারা গেছেন। মা কৃষি শ্রমিকের কাজ করেন, আর মেয়েটি ঢাকার একটি গার্মেন্টস কারখানায় চাকরি করেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি কয়েক দিন আগে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে আসেন। গত ১২ মার্চ সকাল ৫টায় মা ফসলের মাঠে কাজে যান। এ সময় মেয়েটি ঘুমিয়ে পড়েন। বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে প্রতিবেশী খায়রুল দরজা খুলে ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটির চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এলে খায়রুল পালিয়ে যায়। ওই দিন দুপুরে মেয়েটির মা থানায় মামলা দায়ের করেন।
জানা গেছে, খায়রুলের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের ৩ মার্চ রাতে একই গ্রামে চেতনানাশক পদার্থ মিশ্রিত খাবার খাইয়ে এক বৃদ্ধা নানীকে অচেতন করে তার নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
ধুনট থানার তদন্তকারী কর্মকর্তা এসআই হারুন অর রশিদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয়রা আসামির দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ বলছে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এনআর