প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৬:৪৫ পিএম আপডেট: ০৭.০৩.২০২৫ ৬:৪৭ PM

সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মঙ্গলপুর আলুবাড়ি এলাকার ভারতের অভ্যন্তরে শাহেদ আহমদ (২৫) নামে এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। নিহতের মরদেহ ভারতের সীমান্তরক্ষী বিএসএফেএর সহায়তায় মেঘালয় রাজ্য পুলিশ তাদের হেফাজতে নিয়ে গেছে বলে নিহত শাহেদের স্বজনরা দাবি করেছেন।
শুক্রবার (৭ মার্চ) সকালে ভারতের মেঘালয় রাজ্যের লাইজুরী বাঁশকোনা এলাকার ১৩১৯নং পিলারের অভ্যন্তরে শাহেদের গুলিবিদ্ধ লাশ পড়ে আছে বলে জানতে পারেন নিহতের পরিবার।
নিহত শাহেদ আহমদ সীমান্তবর্তী মঙ্গলপুর আলুবাড়ি গ্রামের মশাহিদ আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শাহেদ গতকাল বৃহস্পতিবার রাত ৭টার দিকে কাজের উদ্দেশে আরও বেশ কয়েকজনের সঙ্গে অবৈধভাবে ভারতের মেঘালয় রাজ্যের লাইজুরি এলাকায় অনুপ্রবেশ করে। বৃহস্পতিবার রাত পর্যন্ত তিনি বাড়িতে না ফিরলে শুক্রবার সকাল থেকে শাহেদ আহমদের পরিবারের লোকজন ও স্বজনরা তাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে তারা জানতে পারেন শাহেদ আহমদের বুকে গুলিবিদ্ধ লাশ ভারতের মেঘালয় রাজ্যের লাইজুরী বাঁশকোনা এলাকার ১৩১৯নং পিলারের অভ্যন্তরে পড়ে রয়েছে।
লোভাছড়া বিজিবি ক্যাম্পে যোগাযোগ করা হলে জানানো হয়, শাহেদ আহমদ নামে এক যুবকের লাশ ভারতের অভ্যন্তরে পড়ে থাকার সংবাদ তারা পেয়েছেন। থানা পুলিশ শাহেদ আহমদের লাশ উদ্ধারে এগিয়ে এলে বিজিবি এক্ষেত্রে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে তার লাশ আনার ব্যবস্থা করতে পারে বলে তারা জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার জানান, ভারতের অভ্যন্তরে শাহেদ আহমদের লাশ পড়ে থাকার সংবাদ পেয়ে লাশ উদ্ধারে ব্যবস্থা নেওয়ার জন্য বিজিবিকে জানিয়েছেন।
স্বদেশ প্রতিদিন/এনআর