প্রকাশ: শনিবার, ১ মার্চ, ২০২৫, ১২:৪২ পিএম

ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের বহুলী গ্রামে মানিকের বসতবাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাড়ির সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যায় বাড়ির সবাই একসাথে বাড়ির কাজ-কর্ম করছিলেন। হঠাৎ করে আগুন দেখতে পান তারা। আশেপাশের লোকজন তাদের সাহায্যে এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করেন। ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলেও, ওই বাড়িতে ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার মতো কোনো রাস্তা না থাকায় তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি।
বাড়ির মালিক মানিক জানান, তিনি তখন কর্মস্থলে ছিলেন। আগুন লাগার খবর পেয়ে মোবাইল ফোনে তিনি দ্রুত বাড়িতে ফিরে আসেন। তবে তখন দেখে তিনি হতাশ হন, কারণ আগুনে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। তিনি জানান, বাড়িতে থাকা সব আসবাবপত্র পুড়ে গেছে এবং এই ঘটনায় প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, "রাস্তা না থাকার কারণে আমরা ঘটনাস্থলে পৌঁছাতে পারিনি। তবে আমরা যাওয়ার আগেই আগুন নিভে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নির্ধারণ করা হবে।"
এ ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সহায়তার জন্য স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন সংস্থার সহায়তা কামনা করেছেন।
স্বদেশ প্রতিদিন/এমআর