প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৫৩ পিএম

সোনাগাজী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার থেকে গুরুত্বপূর্ণ হাট বাজার এবং প্রধান সড়কগুলোতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ কম্বাইন্ড প্যাট্রলিং শুরু হয়েছে।
সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাকলাইন আহসান ও মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বায়েজীদ আকনের নেতৃত্বে বিপুল সংখ্যক সেনা ও পুলিশ সদস্য আজ দুপুর থেকে সোনাগাজী পৌর-শহরের জিরোপয়েন্ট, পশ্চিমবাজার এবং উপজেলার সোনাপুর, বাদামতলী, মুহুরী প্রজেক্ট এলাকাসহ বিভিন্ন স্থানে পেট্রলিং করেন।
পেট্রলিংয়ের সময়, তারা স্থানীয় মানুষজন ও ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং এলাকার সমস্যা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতামত গ্রহণ করেন। জনগণকে যেকোন প্রয়োজনে পুলিশ ও সেনাবাহিনীকে অবগত করতে অনুরোধ করা হয়।
এছাড়া, উপজেলার গুরুত্বপূর্ণ স্থান ডাকবাংলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ তল্লাশি অভিযানও চালানো হয়েছে। সেখানে বিভিন্ন প্রাইভেট কার, মাইক্রোবাস, সিএনজি, মোটরসাইকেল এবং বাস থামিয়ে তাদের কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে এবং সন্দেহভাজন গাড়ি ও ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এই যৌথ কম্বাইন্ড প্যাট্রলিং অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও মজবুত করতে এবং অপরাধ প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদী স্থানীয় প্রশাসন।
স্বদেশ প্রতিদিন/এমআর