প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩৭ পিএম

বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ট্রাকের ধাক্কায় একটি ব্যাটারিচালিত অটোভ্যানের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। ২১ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে বগুড়া জেলার দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নওগাঁর দিক থেকে একটি গরু বোঝাই ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকা অতিক্রম করার সময় ট্রাকটি একটি ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ করে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে দুপচাঁচিয়া উপজেলার বানিয়াদিঘীর গ্রামের মো. মোজাহার (৬০), মো. সাফিকুল ইসলাম (৪৫), আদমদীঘি উপজেলার বড় আকিড়া এলাকার শহিদুল ইসলাম (৬০), দুপচাঁচিয়ার মাঝিপাড়া গ্রামের মেজবাহ (৩২) এবং ডিপুইল গ্রামের অটোরিকশাচালক ময়েন সরদার (৫৫) রয়েছেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার শিকার ব্যক্তিরা একটি টাইলস কারখানায় কাজ করতেন এবং অটোভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। মূল সড়কে উঠার সময় ভ্যানের এক্সেল ভেঙে যায় এবং এ সময় নওগাঁ থেকে বগুড়াগামী গরু বোঝাই ট্রাকটি ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং বাকিরা গুরুতর আহত হন।
এই ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।
ওসি ফরিদুল ইসলাম আরও জানান, ট্রাকটিকে এখনও আটক করা সম্ভব হয়নি তবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং দুর্ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনা এলাকায় শোকের ছায়া সৃষ্টি করেছে এবং স্থানীয়রা দ্রুত দুর্ঘটনা স্থলে পৌঁছে উদ্ধার কাজে সহায়তা করেন।
স্বদেশ প্রতিদিন/এমআর