প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৪৯ পিএম

সারাদেশে চলমান "অপারেশন ডেভিল হান্ট" অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৬৯ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ছাড়া অন্যান্য অপরাধের ঘটনায় ৫৭২ জনকে গ্রেপ্তার করা হয় সব মিলিয়ে একদিনে ১,৩৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানায়, অভিযানের সময় উদ্ধার করা হয়েছে একটি দেশে তৈরি একনলা বন্দুক, দুটি কার্তুজ, চারটি রামদা, দুটি চাপাতি, একটি ছুরি, একটি এলজি এবং একটি কেঁচি। এই অভিযানটি গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত ৮,০৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অপারেশন ডেভিল হান্টের লক্ষ্য হলো সন্ত্রাসী কার্যক্রম, অস্ত্র এবং অবৈধ জিনিসপত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা।
গত ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা শিক্ষার্থীদের ওপর হামলা চালান, যার ফলে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হন। এই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ নিয়ে 'অপারেশন ডেভিল হান্ট' চালুর ঘোষণা দেয়, এবং এরপর থেকেই যৌথ বাহিনী সন্ত্রাসী কার্যক্রম দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে সাড়া দেশব্যাপী অভিযান শুরু করে।
অপারেশনটি চলমান থাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
স্বদেশ প্রতিদিন/এমআর