প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৪৩ পিএম

রাজধানীর কলাবাগান থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের সভাপতি বেনজির হোসেন নিশিসহ তিন ছাত্রলীগ নেতার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যান্য দুই নেতা, কাউসার ও রমজান, তাদের সঙ্গে রিমান্ডে পাঠানো হয়েছে।
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এই রিমান্ড আদেশ দেন। এর আগে গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে পুলিশ। পরে মামলার তদন্ত কর্মকর্তা ও কলাবাগান থানার উপ-পরিদর্শক তারেক মোহাম্মদ মাসুম আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন জানান। তবে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিন দেওয়ার আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক প্রত্যেকের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৩ ডিসেম্বর ভোরে রাজধানীর কলাবাগান থানাধীন পান্থপথস্থ আল বারাকা রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর প্রায় ১০০-১৫০ জন আসামি একত্রিত হয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্যানার ব্যবহার করে মিছিল বের করে। তারা জনসম্মুখে সরকারের বিরুদ্ধে অপপ্রচারের উদ্দেশ্যে এবং ছাত্রলীগের কার্যক্রমকে গতিশীল করার জন্য উসকানিমূলক স্লোগান দেয়। এছাড়া, তাদের মিছিল ও স্লোগান ইলেকট্রনিক মাধ্যমে প্রচারিত হয়, যা সরকারের বিরুদ্ধে পরিকল্পিত প্রচারণা ছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় তদন্ত চলছে এবং এই মামলায় আরো বিস্তারিত তথ্য আসবে বলে পুলিশ জানিয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমআর