প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৫৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মারা গেছেন ফারজানা ইয়াসমিন শিল্পী (৪৬) নামে এক স্কুল শিক্ষিকা। তিনি একটি স্কুলের খণ্ডকালীন শিক্ষিকা ছিলেন।
বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটে রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বটতলী এলাকায় যখন ফারজানা তার এক আত্মীয়ের সঙ্গে মোটরসাইকেল যোগে বাঞ্ছারামপুর ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফারজানা ইয়াসমিন শিল্পী বাঞ্ছারামপুর এস এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ছিলেন। তিনি দুই সন্তানের জননী এবং বাঞ্ছারামপুর উপজেলার খোশকান্দি গ্রামের মৃত মোহাম্মদ শাজাহান আলমের মেয়ে।
এ ঘটনায় ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছেন, তবে ট্রাকটি বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ হেফাজতে রয়েছে।
বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান শোক প্রকাশ করে বলেন, “ফারজানা ইয়াসমিন শিল্পী আমাদের বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষক ছিলেন, তার মৃত্যু আমাদের জন্য এক বড় ক্ষতি।”
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী জানান, নিহতের পরিবার কোনো অভিযোগ করেননি এবং আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমআর