প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ২:২২ AM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর গাজা নিয়ন্ত্রণের পরিকল্পনার অধীনে ফিলিস্তিনিদের উপত্যকাটিতে ফেরার কোনো অধিকার না দেওয়ার কথা বলেছেন। আজ সোমবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, তিনি গাজা উপত্যকার মালিকানা নিয়ে নেবেন এবং ফিলিস্তিনিদের জন্য গাজার বাইরে ছয়টি আলাদা বসবাসযোগ্য স্থান তৈরি করবেন।
ফিলিস্তিনিদের গাজায় ফেরার অধিকার নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জানান, "না, তাঁরা ফেরার অধিকার পাবেন না। কারণ তাদের আরও ভালো থাকার জায়গা তৈরি হবে। এটি একটি স্থায়ী জায়গা হবে যেখানে তারা বসবাস করতে পারবে।"
এছাড়া ট্রাম্প দাবি করেছেন, গাজা উপত্যকাটি বর্তমানে বসবাসযোগ্য নয় এবং ফিলিস্তিনিদের নতুন জায়গায় বসবাসের জন্য সুযোগ দেওয়া হবে যা গাজা থেকে কিছুটা দূরে এবং নিরাপদ হবে। তিনি বলেন, "গাজার ২০ লাখের বেশি ফিলিস্তিনির জন্য একটি সুন্দর জায়গা তৈরি করবেন যা তাদের জন্য আরও উন্নত হবে।"
ট্রাম্পের এই পরিকল্পনা প্রথম প্রকাশ পায় গত মঙ্গলবার, যখন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে গাজা থেকে ফিলিস্তিনিদের মিসর ও জর্ডানে সরিয়ে নেওয়ার কথা বলেন। তবে ট্রাম্পের এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে মিসর ও জর্ডান।
ট্রাম্প আরও বলেন, "এটি একটি রিয়েল এস্টেট প্রজেক্টের মতো হবে। গাজার নিয়ন্ত্রণ নেওয়ার সময়, এটি একটি সুন্দর জায়গায় পরিণত হবে, যেখানে বেশি অর্থ খরচ হবে না।"
এ প্রস্তাবের পক্ষে এবং বিপক্ষে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিক্রিয়া এসেছে, বিশেষ করে আরব দেশগুলো এর বিরোধিতা করছে।
স্বদেশ প্রতিদিন/এমআর