প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৫১ পিএম

রাজবাড়ী সদর উপজেলার গোদার বাজার পদ্মা নদী থেকে একদিন পর নিখোঁজ স্কুলছাত্র আসিফ মুস্তাহিদ (১৪) এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। মৃত আসিফ রাজবাড়ী পৌরসভার ধুঞ্চী এলাকার আবুল কালাম আজাদের ছেলে এবং রাজবাড়ী ইয়াসিন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে আসিফ তার তিন বন্ধু আকিবুল, রাফি ও সানি নিয়ে পদ্মা নদীর গোদার বাজার ঘাটে সাঁতার কাটতে যায়। তারা চারজন মিলে নদীর মাঝখানে জেগে ওঠা চরে সাঁতার কাটার সিদ্ধান্ত নেয়। তারা সাঁতার কেটে চর পৌঁছালেও, দুপুর ১২টার দিকে ফেরার সময় আসিফ নদীর তলিয়ে যায়। তার তিন বন্ধু নিরাপদে ঘাটে ফিরলেও আসিফ নিখোঁজ হয়ে যায়।
এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা প্রথমে জাল ফেলে খোঁজাখুঁজি শুরু করে। পরবর্তীতে ফরিদপুর থেকে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। বিকেল ৪টার দিকে আসিফের মরদেহ উদ্ধার করা হয়।
ফরিদপুর ফায়ার সার্ভিসের লিডার মো. ইনছার আলী জানান, উদ্ধার কার্যক্রম শুরু করার পর নদীতে প্রচণ্ড স্রোত ও ঠান্ডা পানির কারণে কাজটি কিছুটা কঠিন হয়ে পড়ে। তবে বিকেল ৪টার দিকে তারা শেষ পর্যন্ত আসিফের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।
এ ঘটনায় শোকের ছায়া নেমেছে আসিফের পরিবার ও এলাকাজুড়ে।
স্বদেশ প্রতিদিন/এমআর