প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩৩ AM

লিবিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মরুভূমি এলাকায় দুটি গণকবর থেকে প্রায় ৫০টি মরদেহ উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। রোববার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ইউরোপে পাড়ি জমানোর চেষ্টায় থাকা অভিবাসীদের জন্য এটি আরেকটি মর্মান্তিক ঘটনা।
এর আগে শুক্রবার কুফরা শহরের একটি খামারে প্রথম গণকবরটির সন্ধান পাওয়া যায়, যেখানে ১৯টি মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে শহরের নিরাপত্তা অধিদপ্তর। তারা মরদেহগুলো ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে।
কর্তৃপক্ষের ফেসবুক পেজে পোস্ট করা ছবিতে দেখা গেছে, পুলিশ ও মেডিকেল টিম মরুভূমির বালির নিচ থেকে মরদেহ উদ্ধার করছে, যেগুলো কম্বলে মোড়ানো ছিল।
কুফরাভিত্তিক মানবাধিকার সংগঠন আল-আব্রিন চ্যারিটি জানিয়েছে, বেশ কয়েকজনকে গুলি করে হত্যা করা হয়েছিল, তারপর তাদের কবর দেওয়া হয়।
একই দিনে কুফরায় মানবপাচার চক্রের একটি আস্তানায় অভিযান চালিয়ে দ্বিতীয় গণকবরের সন্ধান পাওয়া যায়, যেখানে অন্তত ৩০টি মরদেহ পাওয়া গেছে। কুফরার নিরাপত্তা চেম্বারের প্রধান মোহাম্মদ আল-ফাদিল জানিয়েছেন, জীবিত উদ্ধার হওয়া অভিবাসীদের বক্তব্য অনুযায়ী, এই গণকবরে প্রায় ৭০ জনকে দাফন করা হয়েছে।
পরে কর্তৃপক্ষ মানবপাচার কেন্দ্র থেকে ৭৬ জন অভিবাসীকে মুক্ত করে এবং তিনজনকে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে একজন লিবিয়ান ও দুইজন বিদেশি নাগরিক। সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিবাসীদের আটকে রেখে নির্যাতনের অভিযোগ রয়েছে। তদন্ত চলার সময় তাদের আটক রাখার নির্দেশ দিয়েছে প্রসিকিউশন।
স্বদেশ প্রতিদিন/কেএইচ