প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৪১ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম কাউসার (২৫)। তিনি মশার কয়েল স্ট্যান্ড ফ্যাক্টরিতে কাজ করতেন।
কাউসারের সহকর্মী শারমিন জানান, ডিউটি শেষে কাউসার বাসায় ফেরার পথে ৩ ছিনতাইকারী তার বুকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনতাই করার চেষ্টা করে। এতে কাউসার গুরুতর আহত হয়। এই অবস্থায় তাকে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কাউসার যাত্রাবাড়ীর মাতুয়াইল মৃধাবাড়ী এলাকার বাসিন্দা ছিলেন এবং তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, "কাউসারকে যাত্রাবাড়ী থেকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন। এ বিষয়ে যাত্রাবাড়ী থানা-পুলিশকে জানানো হয়েছে।"
স্বদেশ প্রতিদিন/এমআর