প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৪০ পিএম

চাঁদপুরের কচুয়ায় তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তারের মৃত্যু ঘটনায় প্রধান শিক্ষক মাসুদ হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়াও স্কুলটির ৮ শিক্ষককে আগে থেকেই সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত ২১ জানুয়ারি স্কুলের মাঠে খেলার সময় ময়লার স্তূপে আগুন লাগানোর পর সামিয়ার পোশাকে আগুন লেগে দগ্ধ হয়। তাকে চিকিৎসার জন্য কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়, কিন্তু ২৬ জানুয়ারি সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনার পর জেলা প্রাথমিক শিক্ষা অফিস একটি ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে চরম গাফিলতির কারণে ৮ শিক্ষককে সাময়িক বরখাস্ত ও দপ্তরির চুক্তি স্থগিত করা হয়। এছাড়া, প্রধান শিক্ষক মাসুদ হাসানকে সাময়িক বরখাস্ত করে চট্টগ্রাম বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সুপারিশ পাঠানো হয়।
এ ঘটনায় স্কুলে নিয়মিত উপস্থিত থাকা শিক্ষকরা ক্লাস নিতে পারবেন না এবং তাদের স্থলে ৫ জন নতুন শিক্ষক দেওয়া হয়েছে।
এদিকে, জেলা শিক্ষা অফিস থেকে ১ হাজার ১৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক বার্তা পাঠানো হয়েছে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা পুনরাবৃত্তি না ঘটে।
স্বদেশ প্রতিদিন/এমআর