প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৮:২৩ পিএম

সংগৃহীত ছবি
বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে নিজ বসত ঘর থেকে খোরশেদ হাওলাদার (২৬) নামে এক যুবকের মরদহ উদ্ধার করা হয়েছে।
তার পিতা মরহুম জয়নাল আবেদীন হাওলাদার। রামচর বাজারে তার একটি ক্রোকারিজের দোকান রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, খোরশেদের স্ত্রী তাসলিমা বেগমের পায়ের সমস্যার কারণে প্রায় দুই সপ্তাহ ধরে বাবার বাড়িতে অবস্থান করছেন। এ সময় খোরশেদ বাড়িতে একাই বসবাস করছিলেন। তার ভাইয়েরা আলাদা থাকায় কেউ তার নিয়মিত খোঁজখবর নিতেন না।
শনিবার সারাদিন খোরশেদের দোকান ও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিকালের দিকে তার বন্ধুরা বাড়িতে গিয়ে ঘরের দরজা ভেতর থেকে আটকানো দেখতে পান। বিষয়টি তার বড় ভাই সাইদুলকে কে জানানো হলে তিনি এসে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ঘরের ভেতর থেকে খোরশেদের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পাশ থেকেই একটা চিরকুট উদ্ধার করা হয়।
এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।