প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৭:৪২ পিএম

সংগৃহীত ছবি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভা করেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন। শনিবার বিকেলে পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কের পাশে সমু মার্কেট এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম ও আশরাফুল হক রিপন।
সভায় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নূর নবী ভূঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক জিন্নাত আলী, সহসভাপতি হাজি আব্দুর রফিক এবং যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ এবং শাহীন ভূঁইয়া স্বপনসহ অন্য নেতারা। সভা শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে পূর্বাচলের ৩০০ ফুট সড়কের সমু মার্কেট এলাকা প্রদক্ষিণ করেন।
সভায় মোস্তাফিজুর রহমান দিপু বলেন, এই রক্ত, এই আত্মত্যাগ, এই সংগ্রাম কোনো কিছুতেই বৃথা যেতে দেব না। অন্যায়ের কাছে মাথা নত করা নয় বরং অধিকার আদায়ে বুক চিতিয়ে দাঁড়ানোই আমাদের পরিচয়। ইনশা আল্লাহ বাংলার মাটিতে আমরা কখনো হার মানবো না। যত বাধাই আসুক, সত্য ও ন্যায়ের পথে আমাদের যাত্রা থেমে থাকবে না।