আংগারিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইলোরা হাওলাদারকে দেখতে চায় স্থানীয় জনতা।
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৭:০২ পিএম

আসন্ন আংগারিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ইসমত জাহান ইলোরা হাওলাদারের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে শরীয়তপুর সদর উপজেলার ৪০ নং কাশাভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আংগারিয়া ইউনিয়নের বিশিষ্ট মুরুব্বি জয়নাল মৃধা। বিশেষ অতিথি ও উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন মো. চুন্নু কাজিসহ জেলা ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা, সাধারণ মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা শোনা এবং আগামী নির্বাচনে ইসমত জাহান ইলোরা হাওলাদারের পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। সকাল থেকেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের ভোটাররা সভায় উপস্থিত হয়ে তাঁর প্রতি সমর্থন জানান।
অনুষ্ঠানে ইসমত জাহান ইলোরা হাওলাদারের প্রতি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমর্থন ও এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। পরে অতিথি ও উপস্থিত সবার সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।