প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৭:৫৬ পিএম

সংগৃহীত ছবি
রাজবাড়ীর পাংশা শহরের বিভিন্ন এলাকায় রাতের আঁধারে ‘ডিসেম্বর কলিং—প্রত্যাবর্তন ২.০’ শিরোনামে পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে শেখ হাসিনার ফিরে আসার বার্তা প্রচার করা হয়েছে। এসব পোস্টারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইনজামামুল ইসলাম নিলয়ের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে।
শহরের বিভিন্ন স্থানে লাগানো পোস্টারগুলোতে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘ডিসেম্বর কলিং—প্রত্যাবর্তন ২.০’ স্লোগান লেখা রয়েছে। পোস্টারে শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ সোহেল রানা টিপু ও ইনজামামুল ইসলাম নিলয়ের ছবি দেখা গেছে। পোস্টারের নিচে ইনজামামুল ইসলাম নিলয়ের নামের পাশাপাশি ‘সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ’ পরিচয় উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, ইনজামামুল ইসলাম নিলয় নিষিদ্ধ পাংশা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম খানের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে পাংশা শহরের বিভিন্ন এলাকায় এসব পোস্টার লাগানো হয়। সকালে পোস্টারগুলো স্থানীয়দের নজরে এলে বিষয়টি নিয়ে শহরজুড়ে আলোচনা শুরু হয়। রাজনৈতিকভাবে সংবেদনশীল এমন বার্তা ও প্রচারণা ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।
পোস্টারে শেখ হাসিনার প্রত্যাবর্তনের বার্তা এবং ‘ডিসেম্বর কলিং—প্রত্যাবর্তন ২.০’ স্লোগান ব্যবহার করা হলেও কারা, কী উদ্দেশ্যে এবং কোন পরিকল্পনায় এসব পোস্টার লাগিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পোস্টার লাগানোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা সংগঠনের পরিচয়ও জানা যায়নি।
পাংশা শহরের বিভিন্ন এলাকায় রাতের আঁধারে এ ধরনের রাজনৈতিক পোস্টারিংয়ের ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও সচেতন মহলে আলোচনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারি ও বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।