প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৮:০৩ পিএম

সংগৃহীত ছবি
ঝালকাঠির নলছিটিতে বসতঘরে সিঁধ কেটে ঢুকে সুখি বেগম (৪৫) নামের এক নারীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৮)।
ঘটনার প্রায় ১৪ মাস পর গতকাল রোববার বিকেলে বরিশাল নগরের কাউনিয়া এলাকা থেকে মো. হাসান হাওলাদার (২৮) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।আজ সোমবার সকালে এসআরবি-৮ বরিশালের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সাথী আক্তারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হাসান হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিরঙ্গল গ্রামের মো. মন্নান হাওলাদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত সুখি বেগমের স্বামী মো. মনির হাওলাদার নলছিটির দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় মাংসের ব্যবসা করেন। ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর রাত ৪টা থেকে সকাল সাড়ে ৯টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁদের বসতঘরের দেয়াল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরের ওয়ারড্রোবের ড্রয়ারে রাখা গরুর মাংস বিক্রির ৫ লাখ ৮০ হাজার টাকা চুরির চেষ্টা করে তারা।
এজাহারে আরও বলা হয়, এ সময় দুর্বৃত্তদের একজনকে চিনে ফেলেন সুখি বেগম। এতে তাঁকে মোবাইল ফোনের চার্জারের তার গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে ঘর থেকে টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় সুখি বেগমের বাবা বাদী হয়ে নলছিটি থানায় হত্যা মামলা করেন।
এসআরবি-৮ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার তদন্তে পাওয়া প্রধান অভিযুক্ত হাসান হাওলাদারকে গ্রেপ্তারের জন্য তদন্তকারী কর্মকর্তা ব্যাটালিয়ন অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে এসআরবি-৮ বরিশালের সিপিএসসি ও সদর কোম্পানির একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। গতকাল বিকেলে বরিশাল নগরের কাউনিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, গ্রেপ্তারের পর হাসান হাওলাদারকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নলছিটি থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।