প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৫:১৩ পিএম

ফাইল ছবি
করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। রোববার (৮ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভূল্লী উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম ও জেলা বিএনপির উপদপ্তর সম্পাদক আশরাফুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও সদর ও ভূল্লী উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম মাসুম।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও স্বনির্ভর সমাজ গঠনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমবায়ের মূল শক্তি হলো সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতা। তাই সমবায়ভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সমবায় আন্দোলনের গুরুত্ব ও সচেতনতা ছড়িয়ে দিতে হবে।
উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম মাসুম বলেন, সরকার দেশের মানুষের কল্যাণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে হলে সমিতির সদস্যদের মধ্যে ঐক্য, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। সমবায়ের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি এবং মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সম্ভব। এ জন্য সমবায় সমিতিগুলোকে নিয়মনীতি মেনে পরিচালনার পাশাপাশি নতুন উদ্যোক্তাদের সমবায় কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে।
ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। সমবায়ের মাধ্যমে মানুষ ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে একত্রিত করে স্বাবলম্বী হওয়ার সুযোগ পায়। দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সমবায় সমিতিগুলোকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি স্কুল মাঠ প্রদক্ষিণ করে। এতে সমবায় সমিতির সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এ সময় ভূল্লী উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মামুনুর রশিদ মামুন, কুমারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী, ভূল্লী বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গফুর, রইসুল ইসলামসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্য, স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।