প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:৪১ পিএম

যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ঘোপ মধ্যপাড়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১৬ দলীয় ‘ঘোপ উত্তরপাড়া যুবসংঘ নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর জমকালো ফাইনাল। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে চিত্রামায়া একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাইক্লোন একাদশ।
শুক্রবার রাত ৮টায় ঘোপ মধ্যপাড়ায় অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় মুখোমুখি হয় সাইক্লোন একাদশ ও চিত্রামায়া একাদশ। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠজুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। প্রথমার্ধের ১৬ মিনিটের মাথায় টুটুল হোসেনের একমাত্র গোলে এগিয়ে যায় সাইক্লোন একাদশ। শেষ পর্যন্ত চিত্রামায়া একাদশ কয়েকটি সুযোগ তৈরি করেও গোলের দেখা না পাওয়ায় ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সাইক্লোন একাদশ। বিরতির পর আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ফাইনাল ম্যাচ। দুই দল কয়েকটি সুযোগ তৈরি করেও গোলের দেখা না পাওয়াই ১-০ গোলের জয়ে চ্যাম্পিয়ন নিশ্চিত করে সাইক্লোন একাদশ। পুরো টুর্নামেন্ট জুড়ে লড়াকু ফুটবল উপহার দিয়ে রানার্সআপ হয় চিত্রামায়া একাদশ। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন টুটুল হোসেন।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। চ্যাম্পিয়ন সাইক্লোন দলের জন্য ছিল একটি ছাগল এবং রানার্সআপ চিত্রামায়া একাদশ পেয়েছে নগদ ৬ হাজার টাকা। স্থানীয় মহল্লার ইমাম হাফেজ মোঃ আনোয়ার হোসেন বিজয়ী দলের হাতে এসব পুরস্কার তুলে দেন।
আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফাইনাল খেলাকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়। মাঠে উপস্থিত শত শত ক্রীড়াপ্রেমী দর্শকের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো খেলার মাঠ।
স্বদেশ প্রতিদিন/এস পি