প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১০:৪৯ AM

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেন। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ হাসান। আগামী তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।
মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খানের সই করা আদেশে নতুন কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে দায়িত্ব পালনে যথাযথ ভূমিকা না রাখার অভিযোগে আগের অ্যাডহক কমিটি ভেঙে দেওয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ আইন অনুযায়ী নতুন কমিটি গঠন করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।
নতুন কমিটির সহসভাপতি হয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার, মো. মনিরুল ইসলাম, প্রকৌশলী মো. আব্দুল হালিম, মোহাম্মদ তারিকুল আলম, মো. শহীদুল ইসলাম ও শাহেদ ওয়াহেদ আলী। যুগ্ম সম্পাদক হয়েছেন মো. শাহাদাত হোসেন খান ও সাঈদ মো. আলভী। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন মো. হাবিবুল্লাহ পারভেজ। এ ছাড়া কমিটিতে আরও ১৮ জন সদস্য রয়েছেন। আদেশ অনুযায়ী, দায়িত্ব গ্রহণের পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।
স্বদেশ প্রতিদিন/এস পি