মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
৩ হাজার গ্রাহকের পানির মিটার চুরি
প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৫:১১ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার পানি সরবরাহ কার্যক্রম শুরু হওয়ার আগেই চুরি হয়েছে তিন হাজারের বেশি পানির মিটার। ছয় হাজার গ্রাহকের জন্য স্থাপন করা মিটারের অর্ধেকেরও বেশি চুরি হওয়ায় গ্রাহক পর্যায়ে পানি সরবরাহ কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পৌর কর্তৃপক্ষের দাবি, গত এক বছরে এসব মিটার চুরি হয়েছে। এর মধ্যে গত ছয় মাসে চুরির ঘটনা বেড়েছে আশঙ্কাজনকভাবে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েও চুরি বন্ধ করা যাচ্ছে না।

পৌরসভা সূত্রে জানা গেছে, পৌর এলাকার ছয় হাজার গ্রাহকের কাছে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শেষ হয়েছে। প্রকল্পের আওতায় ঘাটিনা নদীর তীরে স্থাপন করা হয়েছে পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট। সম্প্রতি সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম প্ল্যান্টটির উদ্বোধন করেন। তবে উদ্বোধনের পরও এখন পর্যন্ত গ্রাহক পর্যায়ে পানি সরবরাহ শুরু হয়নি।

এ বিষয়ে পৌর নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম ভূঁইয়া বলেন, ছয় হাজার গ্রাহকের জন্য স্থাপন করা পানির মিটারের মধ্যে গত এক বছরে তিন হাজারের বেশি চুরি হয়েছে। বিশেষ করে গত ছয় মাসে চুরির ঘটনা বেশি ঘটেছে। এতে গ্রাহকদের পানি সংযোগ দিতে জটিলতা তৈরি হতে পারে। এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হলেও মিটার চুরি বন্ধ করা যাচ্ছে না।

তিনি আরও জানান, পৌরসভার ঘোষগাতী, কাওয়াক ও উল্লাপাড়া এলাকায় পানির মিটার চুরির ঘটনা বেশি ঘটেছে। পানি সরবরাহ কার্যক্রম পুরোপুরি চালুর আগেই বিপুলসংখ্যক মিটার চুরি হওয়ায় প্রকল্পটির কার্যক্রম নিয়ে নতুন করে সমস্যার সৃষ্টি হয়েছে।

এদিকে পৌরসভার ঝিকড়া এলাকার বাসিন্দা মাজহারুল ইসলাম, আশরাফুল ইসলাম ও সাজ্জাদ হোসেনসহ কয়েকজন জানান, তাদের এলাকায় পানি সরবরাহের জন্য মিটার স্থাপন করা হলেও এখনো পানি সরবরাহ শুরু হয়নি। এরই মধ্যে মিটার চুরি হওয়ায় তারা উদ্বিগ্ন। মিটার চুরির কারণে পানি সংযোগ পেতে আরও দেরি হবে কি না, তা নিয়েও শঙ্কায় রয়েছেন তারা। দ্রুত মিটার চুরি বন্ধ, চুরি যাওয়া মিটার পুনঃস্থাপন এবং গ্রাহক পর্যায়ে পানি সরবরাহ চালুর দাবি জানিয়েছেন তাঁরা।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, পৌর এলাকায় পানির মিটার চুরির বিষয়টি পুলিশ অবগত রয়েছে। চুরি প্রতিরোধে সংশ্লিষ্ট এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।






স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close