প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৫:১৮ পিএম

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলাকপুর গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে খালেক মিয়া নামের এক ব্যক্তির বসতঘর, ছয় ভরি স্বর্ণালংকার, আসবাবপত্রসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
আজ শনিবার ভোর সাড়ে ৫টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মাধবপুর ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহযোগিতায় দমকল বাহিনীর সদস্যরা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে তার আগেই ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ টাকা ও ছয় ভরি স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি।
এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মাধবপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক। ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দিয়ে তিনি জানান, আগুনে ভুক্তভোগীর বাড়িঘর ও সর্বস্ব পুড়ে গিয়ে অন্তত ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পরিবারটি এখন খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছে।
পরিদর্শনকালে সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক এই বিপুল ক্ষয়ক্ষতির বিষয়ে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস এম ফয়সলের দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে তিনি মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানকে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে সর্বস্ব হারানো এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর এবং সরকারি সহায়তা প্রদানের আহ্বান জানান।
স্বদেশ প্রতিদিন/এফএইচ