প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৩:৫৩ পিএম

চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশিংবিষয়ক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। তিনি বলেন, নতুন আইনের মাধ্যমে চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশ যেন মামলা করতে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে, সেই উদ্যোগ নেওয়া হচ্ছে। যেকোনো ধরনের প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরির লক্ষ্যেই আইনটি করা হচ্ছে।
আইজিপি বলেন, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির বিরুদ্ধে যৌথ অভিযান চলছে। এসব অপরাধ নির্মূলে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। চাঁদাবাজদের অনেকেই প্রভাবশালী ব্যক্তি বা সন্ত্রাসীদের আশ্রয়ে কাজ করে বলে অভিযোগ রয়েছে। ভয়ের কারণে অনেকেই তাঁদের বিরুদ্ধে অভিযোগ বা সাক্ষ্য দিতে চান না। এ পরিস্থিতি মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নতুন আইনি কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে এ বিষয়ে অগ্রগতি দেখা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পুলিশ ও জনগণের মধ্যে আস্থা পুনরুদ্ধারের ওপর গুরুত্ব দিয়ে আলী হোসেন ফকির বলেন, পুলিশকে মানবিক ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে। আইন প্রয়োগের ক্ষেত্রে বলপ্রয়োগ নিয়ে সমালোচনা এবং দুর্বলতার অভিযোগ—দুই ধরনের পরিস্থিতিই মোকাবিলা করতে হচ্ছে পুলিশকে। তিনি জনগণকে পুলিশকে সহযোগিতা ও পরামর্শ দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অপরাধ দমনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন।
স্বদেশ প্রতিদিন/এস পি