
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জমে উঠেছে প্রতিমা বিক্রি। লক্ষ্মীপূজাকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবারও পৌর শহরের রাধা মাধব আখড়ায় প্রতিমা বিক্রির হাট বসেছে। এই হাটে ১৫০ টাকা থেকে শুরু করে ৮০০ টাকায় প্রতিমা বিক্রি হচ্ছে।
এদিকে, গত দুই দিন আগে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজা। রোববার অনুষ্ঠিত হচ্ছে লক্ষ্মীপূজা। হিন্দুধর্মাবলম্বীরা তাঁদের বাড়িতে লক্ষ্মী প্রতিমা স্থাপন করতে ব্যস্ত হয়ে উঠেছেন। প্রতিমা কিনতে আসা অনেকেই বলেছেন, গত বছরের চেয়ে এবার তুলনামূলক দাম কিছুটা বেশি।
পৌর শহরের রাধানগর এলাকার শিবু দেব বলেন, প্রতি বছর লক্ষ্মীপূজায় ঘরে নতুন প্রতিমা স্থাপন করা হয়। তাই পছন্দ করে একটি প্রতিমা ৪৫০ টাকা দিয়ে ক্রয় করি। গতবারের চেয়ে মনে হচ্ছে এবার প্রতিমার দাম কিছুটা বেশি। প্রতিমার পাশাপাশি পূজার অন্যান্য উপকরণ কেনা হয়।
গৃহিণী রিয়া রানী দাস বলেন, রোববার আমাদের লক্ষ্মীপূজা। প্রতি বছর এই পূজায় নতুন প্রতিমা কেনা হয়। তাই প্রতিমা কিনতে এখানে আসা। বেশ কয়েকটি দেখে পছন্দ করে ৪০০ টাকায় একটি প্রতিমা কেনা হয়। সেই সঙ্গে কেনা হয়েছে পূজার অন্যান্য উপকরণও। তিনি আরও বলেন, শেষ সময়ে প্রতিমা নিয়ে টানাটানি শুরু হয়। তাই ঝামেলা এড়াতে আগেভাগেই কেনা হয়েছে।
দুলাল পাল বলেন, দীর্ঘ বছর ধরে প্রতিমা তৈরি করে বিক্রি করছি। এখানে বিক্রি করতে ১০০টি প্রতিমা নিয়ে এসেছি। একেকটি প্রতিমার দাম ২০০ টাকা থেকে শুরু করে ৭০০ টাকা পর্যন্ত রয়েছে। এবার অন্যান্য বছরের চেয়ে প্রতিমার ভালো চাহিদা রয়েছে। বিক্রিও ভালো হচ্ছে। তিনি আরও বলেন, মাটি থেকে শুরু করে অন্যান্য উপকরণের দাম অনেক বেড়েছে। তাই প্রতিমা তৈরিতে খরচ বেশি হওয়ায় দাম সামান্য বেড়েছে।
নিতাই পাল বলেন, দীর্ঘ বছর ধরে প্রতিমাসহ মাটির অন্যান্য জিনিস তৈরি করে বিক্রি করছি। এ কাজে পরিবারের সবাই সহযোগিতা করেন। লক্ষ্মীপূজায় ৮০টি প্রতিমা বিক্রি করতে এখানে নিয়ে এসেছি। বিক্রিতে ভালো সাড়া পাচ্ছি।
বিক্রেতা নারায়ণ পাল বলেন, আমার কাছে তিন ধরনের প্রতিমা রয়েছে। প্রতিটি প্রতিমার দাম ভিন্ন। ছোট আকারের একটি প্রতিমা ১৫০, মাঝারি ৩৫০ ও বড় আকারের প্রতিমা ৮০০ টাকায় বিক্রি করছি। এখানে ছোট ও মাঝারি আকারের প্রতিমা বেশি বিক্রি হচ্ছে। এ পর্যন্ত ৫০টি বিক্রি হয়েছে। আশা করছি, সন্ধ্যার মধ্যে বাকিগুলো বিক্রি শেষ হবে।
আখাউড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু বলেন, লক্ষ্মীপূজা উপলক্ষে রাধা মাধব আখড়ায় দীর্ঘ বছর ধরে প্রতিমা বিক্রি হয়ে আসছে। দুর্গাপূজা শেষ হওয়ার পরদিন থেকেই এখানে বিভিন্ন জায়গার লোকজন প্রতিমা বিক্রি করতে এসেছেন। অন্যান্য বছরের চেয়ে এবার প্রথম দিনেই বেশ জমজমাট হয়ে উঠেছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ