প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৩:২৪ পিএম

সামনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, তাঁর পক্ষে নেতাকর্মীদের কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, দলের সিদ্ধান্তের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে দল থেকে ছিটকে পড়বেন। আর দলের মধ্যে থেকে যারা মুনাফেকি করবেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের ক্ষমা করবেন না।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, প্রতিটি ইউনিয়নের বিষয়ে একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কম্পিউটার সিস্টেমে থাকবে। নির্বাচনে দল এমন প্রার্থী চায়, যিনি জয়ী হতে পারবেন। পছন্দের প্রার্থী মনোনয়ন পেলেও তিনি জয়ী হতে না পারলে লাভ হবে না। দল তাঁর কাছে সবচেয়ে বড় আমানত উল্লেখ করে তিনি বলেন, দলের ঊর্ধ্বে উঠে কেউ বিকল্প কিছু করলে তাঁকে জবাবদিহির আওতায় আনার অধিকার দলের রয়েছে।
চাঁদাবাজি, দখলবাজি ও টেন্ডারবাজি বন্ধের প্রসঙ্গ তুলে আসাদুজ্জামান বলেন, এসব বন্ধ করার কথা তাঁরা বলেছিলেন। তাঁর দাবি, শৈলকুপায় বর্তমানে এসব নেই। মতবিনিময় সভায় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এস পি