প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১১:২৩ AM

ইরানকে সহায়তায় রাশিয়া সামর্থ্যের তুলনায় খুব কম করছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই তেহরানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইরানের লড়াই ন্যায়সংগত। সোমবার (১৯ অক্টোবর) তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
লাভরভ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ওপর উসকানিহীন সামরিক অভিযান চালানোর অভিযোগ তুলে বলেন, সংকট নিরসনে কূটনৈতিক সমাধান খুঁজতে রাশিয়া সহায়তা করতে প্রস্তুত। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে সংঘাত শুরুর আগের পরিস্থিতি ফিরিয়ে আনা, নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং নতুন করে সামরিক হামলা বন্ধের ওপরও গুরুত্ব দেন তিনি। পাশাপাশি ইরানের সঙ্গে অর্থনৈতিক ও বিনিয়োগসংক্রান্ত চুক্তি বাস্তবায়ন অব্যাহত রাখার কথা জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ইরানকে সহায়তায় রাশিয়া খুব সামান্যই করছে। একই পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সমালোচনা করে রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলার কারণে ডিজেল সরবরাহ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ তোলেন তিনি। এদিকে ইউক্রেন যুদ্ধের অবসানে আলোচনা সচল রাখতে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ কমানোর পক্ষে যুক্তি দেখিয়েছেন ট্রাম্প। ওয়াশিংটনের সাম্প্রতিক নিষেধাজ্ঞা শিথিলের পদক্ষেপ নিয়েও সমালোচনা তৈরি হয়েছে। হোয়াইট হাউসের দাবি, শান্তি আলোচনা সচল রাখা ও বৈশ্বিক জ্বালানি বাজারের ওপর চাপ কমানোর লক্ষ্যেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি