প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১১:২০ AM

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শাবওয়া প্রদেশে সেনাবাহিনীর প্রশিক্ষণ শিবিরে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই শতাধিক এবং নিখোঁজ রয়েছেন ১৪ জন। শাবওয়ার গভর্নর আওয়াদ আল ওয়াজির হতাহতের এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, সোমবার সেনাবাহিনীর প্রশিক্ষণ মহড়া চলার সময় শিবিরটিতে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারী হামলার দায় স্বীকার করেছেন। তাঁর দাবি, শিবিরটি সৌদি বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। তবে এ বিষয়ে সৌদি আরবের সরকার বা সেনাবাহিনীর তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গত সেপ্টেম্বর থেকে বাব আল-মান্দেব প্রণালীর কাছাকাছি এলাকায় হুথি বাহিনী ও সৌদি সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বাহিনীর মধ্যে সংঘাত বেড়েছে। চলতি মাসে সরকারি বাহিনী হুথিদের নিয়ন্ত্রণে থাকা এলাকা পুনরুদ্ধারে অভিযান শুরু করেছে। অন্যদিকে, হুথিরা তাইজ শহর অবরুদ্ধ করে রেখেছে। ২০১৪ সালে হুথিদের রাজধানী সানা দখলের মধ্য দিয়ে ইয়েমেনের যুদ্ধ শুরু হয়। দীর্ঘ সংঘাতে দেশটিতে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি