প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১১:০১ AM

দাঙ্গা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ফ্রান্স। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী প্যারিসের কেন্দ্রীয় অংশসহ বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। কয়েকটি এলাকায় জনসমাবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পুনরুদ্ধারে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে সরকার।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দাঙ্গা ও লুটপাটের ঘটনায় আড়াই হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। আহত হয়েছেন প্রায় এক হাজার পুলিশ সদস্য। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানির দাম ও জনসেবার অবনতির প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন পরে সহিংসতায় রূপ নেয়। বিভিন্ন শহরে গাড়ি ও ভবনে আগুন দেওয়া এবং দোকানপাটে লুটপাটের ঘটনা ঘটে। আন্দোলনে দেশজুড়ে প্রায় পাঁচ লাখ ৫০ হাজার মানুষ অংশ নেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্যারিসের প্লাস দ্য লা রিপাবলিক ও লে আল শপিং এলাকায় স্থানীয় সময় রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। মার্সেই, বোর্দো, নিস, লিওঁ ও লিলসহ অন্যান্য শহরেও বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পুনরুদ্ধারে অর্থ বরাদ্দ দেওয়া হবে। পাশাপাশি সহিংসতার জন্য দায়ীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের উদ্যোগ নেওয়া হবে। পরিস্থিতি বিবেচনায় জরুরি অবস্থা জারির সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।
স্বদেশ প্রতিদিন/এস পি