প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪:৫৮ পিএম

যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে নিলে ষষ্ঠ দিনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে এবং সপ্তম দিনে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
আরাগচি জানান, সেপ্টেম্বরে ইরানের দেওয়া সাত দিনের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের পাঠানো মন্তব্য পর্যালোচনা করছে তেহরান। ইরানের প্রস্তাব অনুযায়ী, দেশটির বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নিতে হবে। এ শর্ত পূরণ হলে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং আলোচনা শুরুর প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। আরাগচি বলেন, ‘তারা আমাদের শর্তগুলো মেনে নিলে ষষ্ঠ দিনে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে এবং সপ্তম দিনে আলোচনা শুরু হবে।’
এদিকে ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক পদক্ষেপ না নিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলি আবদোল্লাহি। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে পরবর্তী কোনো ভুল পদক্ষেপ নেওয়া হলে আগের যেকোনো সময়ের তুলনায় আরও কঠোর জবাব দেওয়া হবে। তাঁর দাবি, ইরানকে উৎখাত ও ধ্বংস করার লক্ষ্য নিয়ে আগেও যুদ্ধে নেমেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, কিন্তু ইরান এখনো দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।
স্বদেশ প্রতিদিন/এস পি