প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৫:০৭ পিএম

বাংলাদেশের কর্মক্ষম জনসংখ্যা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেছেন, দেশের জনসংখ্যার বড় অংশ কর্মক্ষম এবং তাঁদের মধ্যে ৬৬ শতাংশ মানুষের আয় করার সক্ষমতা রয়েছে। এ কারণে ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ঝালকাঠি শিল্পকলা একাডেমিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নবিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে জেলার ২২০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে জিয়াউদ্দিন হায়দার বলেন, শুধু জিপিএ-৫ পেলেই হবে না, শুদ্ধাচার ও স্বাস্থ্যের প্রতিও গুরুত্ব দিতে হবে। পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা গ্রহণ করতে হবে এবং সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মেরিন সুলতানাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য দেন।
স্বদেশ প্রতিদিন/এস পি