প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১:০৭ পিএম

বাংলাদেশের ঋণ প্রস্তাবের বাকি বিষয়গুলো নিষ্পত্তি করে তা চূড়ান্ত করতে আগামী সপ্তাহ থেকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনা শুরু হবে। শুক্রবার (১৬ অক্টোবর) ব্যাংককে আইএমএফের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘নীতিগতভাবে সবকিছু ঠিক আছে। এখন চুক্তিটি কীভাবে চূড়ান্ত করা যায়, তা নিয়ে দুই পক্ষের প্রতিনিধিদল বসবে।’ বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে আইএমএফের কাছে দেওয়া ঋণ প্রস্তাবের চূড়ান্ত পর্যালোচনা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক, আইএমএফ, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)সহ বাংলাদেশের বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগীরা সহায়তা করতে আগ্রহী। আগামী বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। এদিকে, আগামী পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনার ভিত্তিতে বিশ্বব্যাংকের সঙ্গে একটি কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক (সিপিএফ) সইয়ের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।
১২ থেকে ১৮ অক্টোবর ব্যাংককে অনুষ্ঠিত ২০২৬ সালের আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভার ফাঁকে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
স্বদেশ প্রতিদিন/এস পি