প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ২:২৯ পিএম

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। তাদের সঙ্গে আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে সেনাবাহিনীও।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে ড্রাগ ইন্টারন্যাশনালের ইউনিট-২ কারখানায় আগুন লাগে। পরে আগুন পাশের একটি চারতলা ভবনেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রথমে কারখানার একটি ভবনে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের ভবনের চারতলায় ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় কারখানার ভেতরে থাকা বিভিন্ন মালপত্র পুড়ে যাচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, আগুনের তীব্র তাপ ও ঘন ধোঁয়ার কারণে ঘটনাস্থলের আশপাশে অবস্থান করা কঠিন হয়ে পড়েছে। এর সঙ্গে রাসায়নিকের তীব্র গন্ধ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ও গাজীপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুনের তীব্রতার কারণে নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, গাজীপুর, টঙ্গী, উত্তরা ও আশপাশের বিভিন্ন ফায়ার সার্ভিস স্টেশন থেকে আসা ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীও আগুন নেভানোর কাজে সহায়তা করছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্বদেশ প্রতিদিন/এস পি