প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১১:২৬ AM

পঞ্চগড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ মো. কাদেরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার রাতে পঞ্চগড় সদর উপজেলার পাটসিঁড়ি এলাকায় ১৮ বিজিবির মিস্ত্রিপাড়া বিওপির বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে। বুধবার বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় মিস্ত্রিপাড়া বিওপির বিশেষ টহল দল অভিযান চালায়। হাবিলদার চালক মো. সোহেল রানার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সীমান্ত পিলার ৪১৭/৬-এস থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাটসিঁড়ি এলাকা থেকে কাদেরুল ইসলামকে আটক করা হয়।
এ সময় তাঁর কাছ থেকে ভারতীয় ৮০ বোতল ‘উইনসেরেক্স কফ সিরাপ’ উদ্ধার করা হয়। উদ্ধার করা সিরাপের জব্দমূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ হাজার টাকা।
আটক কাদেরুল ইসলাম পঞ্চগড় জেলার গড়িনাবাড়ি ইউনিয়নের বগাডাঙ্গী গ্রামের মৃত মমির উদ্দিনের ছেলে। বিজিবি জানায়, তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১৪(গ) অনুযায়ী মামলা করা হয়েছে। পরে তাঁকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/এস পি